নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের স্থানে অবৈধভাবে নির্মাণ করা ৩৫টি স্থাপনা ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দুর্গাপুর পৌরশহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এসময় কর্মকর্তারা বলেন, পৌর শহরের উৎরাইল এলাকায় সরকারি আইন উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অপরদিকে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছে। এসব স্থান চিহ্নিত করে উচ্ছেদ করা হচ্ছে। অভিযান চলমান থাকবে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপথের স্থান দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি দোকান ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









