বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদকে সামনে রেখে প্রস্তুত চায়ের দেশ মৌলভীবাজার

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

ঈদকে সামনে রেখে প্রস্তুত চায়ের দেশ মৌলভীবাজার

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে ভ্রমণপিপাসু পর্যটকদের বরণে প্রস্তুত হয়ে উঠেছে চায়ের দেশ মৌলভীবাজার। জেলার পাঁচতারকা হোটেল-রিসোর্ট, কটেজ ও গেস্টহাউসগুলোতে ইতোমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র শ্রীমঙ্গলে ইতোমধ্যে পর্যটকদের আগ্রহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে শহরের বাইরে অবস্থিত রাধানগরসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্ট ও কটেজগুলোতে আগাম বুকিংয়ের চাপ লক্ষ করা যাচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৪ তারিখ—এই তিন দিনকে কেন্দ্র করে প্রায় ৯০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে, যা ঈদ ভ্রমণের ‘পিক টাইম’ হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে শহরের ভেতরের হোটেলগুলোতে এখনো তুলনামূলক কম চাপ দেখা গেলেও বুকিং ধীরে ধীরে বাড়ছে। পর্যটন ব্যবসায়ীরা জানান, বর্তমানে ভ্রমণপ্রেমীদের বড় একটি অংশ শহরের কোলাহল এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে আগ্রহী হওয়ায় শহরের বাইরের রিসোর্ট ও কটেজগুলোই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

ঈদকে ঘিরে স্থানীয় পর্যটন শিল্পসংশ্লিষ্টরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় শতাধিক রিসোর্ট, কটেজ, হোটেল ও গেস্টহাউস প্রস্তুত রয়েছে পর্যটকদের জন্য। একই সঙ্গে জেলার ১৫ থেকে ২০টি দর্শনীয় পর্যটনকেন্দ্র সাজানো হয়েছে নতুনভাবে। রেস্টুরেন্টগুলোতেও আনা হয়েছে বৈচিত্র্য—বাংলা, চাইনিজ, থাই খাবারের পাশাপাশি রাখা হয়েছে আদিবাসী খাবারের বিশেষ আয়োজন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। সবুজে মোড়া চা-বাগান, হাইল হাওর, বাইক্কার বিল, সাত রঙের চা, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেকসহ অসংখ্য দর্শনীয় স্থান প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

পর্যটন ব্যবসায়ীরা জানান, ঈদের দিন সাধারণত পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকলেও ঈদের পরদিন থেকেই ভিড় বাড়তে শুরু করে এবং পুরো ছুটিজুড়েই তা অব্যাহত থাকে।

বালিশিরা রিসোর্টের পরিচালক (পরিচালনা ও প্রশাসন) জাহানারা আক্তার বলেন, “ঈদ উপলক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। ইতোমধ্যে ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ বুকিং হয়ে গেছে। আশা করছি, গতবারের তুলনায় এবার পর্যটক বেশি আসবেন।”

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খান জানান, “ঈদকে ঘিরে আমাদের রিসোর্টে প্রায় শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে। বিদেশি পর্যটক কম থাকলেও দেশি পর্যটকদের আগমন বেশি থাকবে।”

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ বলেন, “ঈদের পরদিন থেকেই পর্যটকদের আগমন বাড়তে থাকে। এবারও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।”

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, “ঈদ উপলক্ষে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে সার্বক্ষণিক টহল থাকবে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে পর্যটকেরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।”

সব মিলিয়ে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজার এবারও ঈদের ছুটিতে পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে বলে আশা করছেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.