গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
একই দিন সকাল ৮টা ২০ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে থানাপাড়া জামে মসজিদে এবং সকাল ৮টা ৪০ মিনিটে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রশাসন।
এছাড়া আধা ঘণ্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুবিধামতো সময়ে জামাতের আয়োজন করা হয়েছে।
জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









