দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৃষ্টির কারণে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ। জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারণ মুসল্লীরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।
অপরদিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা ও টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারণ মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









