বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাদারীপুরে ঈদের ছুটিতেও প্রসব সেবা অব্যাহত

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

মাদারীপুরে ঈদের ছুটিতেও প্রসব সেবা অব্যাহত

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের দিন,শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কাদিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক গর্ভবতী মায়ের সফল স্বাভাবিক প্রসব সম্পন্ন করা হয়। গভীর রাতে প্রসব বেদনা নিয়ে আসা ওই মাকে দ্রুত চিকিৎসাসেবা প্রদান করে নিরাপদে নবজাতকের জন্ম নিশ্চিত করেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সাধারণত অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেবা কার্যক্রম সীমিত থাকলেও, কাদিরপুরসহ শিবচরের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাতৃসেবা অব্যাহত রেখেছে। এতে করে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েরা ঘরে ঝুঁকিপূর্ণ প্রসবের পরিবর্তে নিরাপদ স্বাস্থ্যকেন্দ্রে এসে সেবা গ্রহণে আগ্রহী হচ্ছেন।

এ বিষয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফাতেমা সুলতানা সাথী বলেন,মাতৃস্বাস্থ্য সেবা কখনো বন্ধ থাকে না। ঈদের ছুটিতেও আমাদের কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে। কাদিরপুরসহ যেসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির সুযোগ-সুবিধা রয়েছে, সেসব এফডব্লিউসি (FWC)-তে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, শিবচর উপজেলার বাঁশকান্দি মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, নিলখী, কুতুবপুর, কাঠালবাড়ি, উমেদপুর এবং নিউ শিবচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও ঈদের ছুটিতেও স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম চালু রয়েছে।

তিনি বলেন, গ্রামের মানুষ যাতে ঘরে বসে ঝুঁকি না নেন, সে জন্য আমরা সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে এসে নিরাপদ প্রসবের জন্য উৎসাহিত করছি। প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকায় এসব কেন্দ্রে নিরাপদ ডেলিভারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। এতে করে জরুরি মুহূর্তে সহজেই চিকিৎসা পাওয়া যাচ্ছে এবং মা ও নবজাতকের ঝুঁকি অনেকাংশে কমছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, মাতৃ ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করছে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.