গাজীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চরম ভোগান্তিতে পড়ে ট্রেনটির হাজারো যাত্রী। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি গন্তব্যে নিয়ে যাবে বলে জানায় রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
রবিবার (২২ মার্চ) সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে বিকল হয়ে যায় কমিউটার ট্রেনটি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৪৬ মিনিটে শ্রীপুর স্টেশনে আসে। যাত্রী উঠা নামার সময় ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। চালক চেষ্টা করেও ট্রেনের ইঞ্জিন চালু করতে পারেননি। ইঞ্জিন বিকেল হয় স্টেশনে আটকে পড়া ট্রেনটিতে তিল ধারণের ঠাঁই ছিল না। এতে বিপাকে পড়ে যাত্রীরা।
ময়মনসিংহের যাত্রী আবেদ আলী জানান, সড়কপথে ভিড় ও ভাড়া বেশি। তাই, পরিবারের সদস্যকে নিয়ে ট্রেনে ময়মনসিংহে যাচ্ছিলেন। শ্রীপুরে ইঞ্জিন বিকল হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে পড়েছেন বিপাকে।
মোহনগঞ্জগামী যাত্রী আলী হোসেন জানান, শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় এখন পড়েছেন বিপাকে তিনি। কতো সময় পর ট্রেনটি শ্রীপুর ছাড়বে তাও নিশ্চিত নন।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, যাত্রী নিয়ে মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৪৬ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। তারপর হঠাৎ করেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক ট্রেনটিকে আর চালাতে পারেনি। ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি শ্রীপুর স্টেশনে আটকা পড়ে। ঢাকায় খবর পাঠানো হয়েছে। রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাবে। ঠিক কত সময় লাগবে তা এই মুহূর্তে বলা যাবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









