বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদ উদযাপনে তরুণদের আকর্ষণ বিভিন্ন ধরনের খেলাধুলা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

ঈদ উদযাপনে তরুণদের আকর্ষণ বিভিন্ন ধরনের খেলাধুলা

ঈদের নামাজ পড়ে বাসায় এলো তানজিল অপু। তাড়াহুড়ো করে মিষ্টিমুখ শেষে পাজামা পাঞ্জাবি খুলে গায়ে চাপল জার্সি ও ট্রাউজার। মন নেই ঈদসালামির প্রাপ্তিতেও। বন্ধুদের নিয়ে চলে গেল পাড়ার খেলার মাঠে।

এমন চিত্র কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলার প্রায় সব গ্রামে। ঈদ উদযাপনের আনন্দ বাড়িয়ে নিতে খেলাধুলাকে প্রধান বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে তরুণরা। পাড়া-মহল্লায় চলে প্রীতি ক্রিকেট নয়তো প্রীতি ফুটবল ম্যাচ। এতে কিশোরগ্যাংমুক্ত ও মুঠোফোন আসক্তি থেকে রেহাই পাচ্ছে দেখে খুশি পরিবারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

ঈদের দিন বা পরের দিনগুলোতে তরুণরা দলবেঁধে প্রীতি ম্যাচের আয়োজন করে, যা উৎসবের আমেজ বাড়িয়ে দেয়। এতে একদিকে যেমন মাদকাসক্তি থেকে মুক্তি পাচ্ছে, অপরদিকে বাড়ছে পারস্পরিক সম্প্রীতি। মজবুত হচ্ছে সামাজিক বন্ধন।

এ ব্যাপারে অভিভাবক আমানুর রহমান হাইয়ূল বলেন, গত পাঁচ-সাত বছর আগেও ঈদ মানেই ছিল আতঙ্ক। শহরাঞ্চল থেকে আগত তরুণ আর গ্রামে অবস্থানরত তরুণদের মাঝে মামুলি বিষয় নিয়ে প্রায়ই ঈদে ঘটতো দলগত সহিংসতা। এখন সে পরিস্থিতি নেই। ঈদে খেলাধুলার আয়োজন তাদের মধ্যে সম্প্রীতির আমেজ তৈরি করেছে।

ঢাকার এয়ারপোর্ট এলাকার ব্যবসায়ী তুহিন আরখান বলেন, বাবা-মাকে নিয়ে ঢাকাতে থাকলেও কেবল বন্ধুদের সাথে ক্রিকেট বা ফুটবল খেলতে পারব বলেই গ্রামের বাড়িতে ঈদ করতে যাই। এ যে এক অন্য রকম আনন্দ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের দিন রাত ১০টায় জেলার করিমগঞ্জ উপজেলার সাতারপুর গ্রামে সাউন্ডবক্সে চলছে ধারাভাষ্যকারের গলাফাটা চিৎকার। কাছাকাছি গিয়ে দেখা গেল উপচেপড়া দর্শকের ভিড়ে চলছে নাইট প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট।

ঈদের পরদিন চোখে পড়ল একই উপজেলার কুর্শ্বাখালী গ্রামের সাজানো গোছানো অস্থায়ী মাঠ। সেখানে চলছে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করে প্রীতি ক্রিকেট ম্যাচ। শুধু করিমগঞ্জ নয়, জেলার অন্যান্য উপজেলাতেও এমন আনন্দময় চিত্র লক্ষ্য করা গেছে। ক্রিকেট তো আছেই, ফুটবল ও দেশের ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্দা খেলাও খেলতে দেখা গেছে জেলার বিভিন্ন জায়গায়।

চাইনিজ মার্শাল আর্ট উশুর কিশোরগঞ্জ জেলা কোচ ওস্তাদ রুহুল আমিন জানান, শহরের মতো গ্রামেও মাঠের ঘাটতি আছে। তারপরও তরুণরা ছোট ছোট মাঠে খেলাধুলা করছে। এটি ইতিবাচক দিক। বড়দের উচিত তাদেরকে আরও বেশি উৎসাহিত করা।

তন্ময়/কিশোরগঞ্জ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.