পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে রুটপারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশিদ।
অভিযানে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, রুটপারমিট ছাড়া গাড়ি চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৭৭ ও ৮০ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশিদ বলেন, “যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









