ঝিনাইদহের মহেশপুরে বাঁওড়ে নেমে স্নান শেষে আশিক হোসেন (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাঁওড়ে এ ঘটনা ঘটে।
আশিক নওগাঁ জেলার বানিনগর উপজেলার ডাকাহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল (মোটরযান শাখা) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঝিনাইদহ পুলিশ লাইন থেকে আশিক হোসেন একটি সরকারি গাড়ি সার্ভিসিংয়ের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি বিকেলে স্নান করতে উপজেলার নস্তি বাঁওড়ে যান। স্নান শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে সাপে কেঁটে অথবা স্ট্রোকজনিত কারণে ওই পুলিশ সদস্যের মৃত্যু হতে পারে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন বলেন, নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরুণ এই পুলিশ কনস্টেবলের অকাল মৃত্যুতে জেলা পুলিশের সব সদস্যের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









