চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে শহিদুল ইসলাম ঢালিকে(৫৩) পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। ওই সময় তাঁর চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেয়। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাতে গুরুতর জখম হন। পরে আহত অবস্থায় প্রথমে শহিদুল ইসলামকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চলাকালিন সময়ে শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর পূর্বে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









