প্রকৃতিকন্যাখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকের ঢলে মুখরিত হয়ে উঠেছে।
ঈদের দিন থেকে বুধবার (২৫ মার্চ) বিকেল পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ী এবং দায়িত্বপ্রাপ্ত বনবিভাগ ও পর্যটন পুলিশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এবারের ঈদে কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। ঈদের আনন্দে হইহুল্লোড় আর উৎসবে ভরে ওঠে পুরো এলাকা।
বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক থেকে মূল জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক পর্যটকে পরিপূর্ণ। কেউ যাচ্ছেন মূল জলপ্রপাতের দিকে, আবার কেউ উপরের ঝরনা থেকে গড়িয়ে পড়া পানির দৃশ্য, বিশাল পাথর, পাহাড়ি সবুজ বনাঞ্চল ও চা-বাগানের সৌন্দর্য উপভোগ করছেন।
পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই দূর-দূরান্ত থেকে এসেছেন। ঈদের ছুটির প্রথমদিকে চাকরিজীবীদের উপস্থিতি বেশি থাকলেও পরে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসীদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। নারী ও শিশু পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা এবং পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদের আগেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বনবিভাগের যৌথ উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সার্বক্ষণিক নজরদারির ফলে কোনো ভোগান্তি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করেছেন।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বনবিভাগ ও পর্যটন পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ফলে পুরো সময়জুড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সব মিলিয়ে, ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









