বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্রদল নেতা খোরশেদ আলম (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মো. তারেক (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন৷ 

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকা থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক রামু উপজেলার খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন এবং এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, গত ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌরসভার সৈকত সংলগ্ন কবিতা চত্বর এলাকায় খোরশেদ আলম তার সঙ্গী তারিন সুলতানাকে নিয়ে ঘুরতে যান। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে খোরশেদকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

পুলিশ সুপার আরো জানান, হত্যাকাণ্ডের পেছনে ছিনতাই, পূর্ব শত্রুতা কিংবা রাজনৈতিক প্রতিহিংসা এই তিনটি সম্ভাব্য কারণকে সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। এ ঘটনায় আরও অন্তত দুইজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহতের সঙ্গী তারিন সুলতানাকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করেছে পুলিশ। তার সঙ্গে এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন পুলিশ সুপার। তিনি জানান, তারিনকে পরিবারের জিম্মায় নিরাপদে হস্তান্তর করা হবে।

শাহীন/কক্সবাজার/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.