মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, স্বাধীনতার বিরোধিতাকারীরা জাতির কাছে আজীবন ঘৃণিত হয়ে থাকবে। তিনি বলেন, “স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা কখনোই সম্মান পাবে না—বিশ্বে যেমন হিটলার ঘৃণিত, তেমনি তারাও ঘৃণিত থাকবে।”
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ—প্রতিটি ক্ষেত্রেই বাঙালি জাতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে অর্জিত স্বাধীনতা বিশ্বে বাংলাদেশকে একটি গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী।
অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মহানগর বিএনপির দলীয় কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









