দিনাজপুরে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এদিকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর বড় ময়দানে বিএনসিসি, পুলিশ, কারারক্ষী, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনটিনজেন্ট এর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এতে গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। এ সময় বীরমুক্তিযোদ্ধাসহ দিনাজপুর জেলা প্রশাসনের ও বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং দিনাজপুরের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।
সকালে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন তারা। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল ও আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করেন এবং দেশবাসীর কল্যাণ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









