বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে । শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এসব পেট্রোল জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল এবং তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় পেট্রোলিয়ামে আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জ্বালানি তেলের সংকট সৃষ্টির পর জাহান বিভিন্ন পাম্প থেকে অবৈধভাবে পেট্রোল মজুত করতে শুরু করেন এবং তার ছেলে এরশাদুল হক বাজারে চড়া দামে বিক্রি করেন। তিনি প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। কখনো কখনো ৩০০ টাকা লিটারও বিক্রি করেছেন।

অভিযান চলাকালে জাহান ও এরশাদুল কেউ উপস্থিত ছিলেন না। জাহানের ছোট ছেলে হারুনুর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

এদিকে হারুনুর রশিদ দাবি করেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি করতেন। কিন্তু তিনি এখন বাজারে তেলের ব্যবসা করেন। আমাদের বাড়িতে তিনটি মোটরসাইকেল আছে, এই পেট্রোল আমাদের নিজস্ব মোটরসাইকেলে ব্যবহারের জন্য রাখা হয়েছিল’।

তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি হারুন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, এরশাদুল যুবলীগ নেতা ছিলেন। তবে তার পদ জানাতে পারেননি তারা।

এ ব্যাপারে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। যদিও বিষয়টি তার ব্যক্তিগত...তার ছেলে নাকি তেল ব্যবসার সঙ্গে জড়িত। আমরা সাংগঠনিকভাবে তাকে সতর্ক করবো।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় ১০ হাজার জরিমানা ও তেলের ড্রাম জব্দ করা হয়েছে। একইসঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.