গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও উঠেছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স।
অভিযানে শহরের পাঁচুড়িয়া এলাকার ‘মেসার্স গঙ্গা মোটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৫০০ লিটার তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোক্তাদের ভোগান্তি বাড়াতে এ ধরনের অবৈধ মজুত দায়ী। এসব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা মনে করছেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের প্রবণতা অনেকাংশে কমে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









