পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলও শুরু হয়েছে। দীর্ঘ ছুটির পর বন্দরটিতে ফিরে এসেছে আগের কর্মচাঞ্চল্য।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আবার পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এর আগে, বাংলাদেশ ও ভারত উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে এই দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছিল।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদের ছুটি উপলক্ষে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। টানা ১০ দিন পর শনিবার থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে।
কাস্টম কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টম হাউসের অভ্যন্তরীণ কিছু দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চালু রাখা হয়েছিল।
এ বিষয়ে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান জানান, ঈদের ছুটির মধ্যেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সব সময়ই স্বাভাবিক ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









