পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা কেনাবেচার সময় বিএনপি নেতা হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় হারুন কমিশনারের নিজ বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনার (৪৫), বিজন কুমার চৌধুরী (৪০), মো. শহিদুল ইসলাম মনির (৪২), মো. শহীদ গাজী (৪২) এবং মীর মিনহাজুল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে হারুন কমিশনার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি মৃত আব্দুল খালেকের ছেলে। বিজন কুমার চৌধুরী মিরুখালী রোড এলাকার মৃত ক্ষিতীশ চন্দ্র চৌধুরীর ছেলে। শহিদুল ইসলাম মনির উত্তর কলেজ রোড এলাকার মো. নূরুল ইসলামের ছেলে। শহীদ গাজী সবুজনগর এলাকার মো. সিরাজ গাজীর ছেলে এবং মিনহাজুল ইসলাম বড় মাছুয়া ইউনিয়নের বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, হারুন কমিশনারের পুরাতন বসতভবনের নিচতলায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় হারুন কমিশনার ভবনের ছাদে উঠে লাফ দিয়ে পালাতে গেলে নিচে পাকা রাস্তায় পড়ে দুই পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান। পুলিশ ঘটনাস্থল থেকেই সবাইকে গ্রেপ্তার করে। পরে আহত হারুন কমিশনারকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









