বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্মী জাকারিয়া আহমেদ শয়ন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার জোড়গাছা বাজারের আশপাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হত্যার চার দিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি।
মানববন্ধনে বক্তারা জানান, এলাকায় মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় শয়ন এর তীব্র প্রতিবাদ করেছিলেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী সুবেল ও তার সহযোগীরা এই প্রতিবাদের কারণেই শয়নকে নৃশংস ও পরিকল্পিতভাবে হত্যা করে। বক্তারা আক্ষেপ করে বলেন, সমাজের অন্ধকার দূর করতে গিয়েই একজন তরুণ প্রাণ অকালে ঝরে গেল।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, ইউপি সদস্য আব্দুল হামিদ, নিহতের মা মোর্শেদা বেওয়া, বোন খায়রুন্নেছা তৃষা, ভাই জাকারিয়া ইসলাম নয়ন এবং মেহেজাবিন প্রমুখ।
নিহতের মা মোর্শেদা বেওয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।” বক্তারা আরও বলেন, পুলিশের গাফিলতির কারণে খুনিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। যদি দ্রুত আসামিদের গ্রেফতার না করা হয় এবং এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে এলাকাবাসী রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করবে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম. আছাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামিদের ধরতে পুলিশের একাধিক দল একযোগে অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা পুলিশের নৈতিক দায়িত্ব। এখানে কোনো গাফিলতির সুযোগ নেই। আসামিদের অবশ্যই গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে উপজেলার জোড়গাছা পূর্বপাড়া এলাকার ‘টগরের রাইস মিল’ সংলগ্ন স্থানে শয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে এবং ভেলাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









