ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।
রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—নিহতের ছেলে, ভ্যান চালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল্লাহ সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তরা আটক রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও তার নাতি ইব্রাহিম খলিলসহ অন্যরা মিলে বৃদ্ধ হোসেন আলীর ওপর হামলা চালিয়ে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, ঘাতক ছেলে ও নাতিরা মিলে বৃদ্ধকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকেন। একপর্যায়ে লাঠির আঘাতে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









