কুষ্টিয়ার কুমারখালীতে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে মিষ্টির ছানা তৈরির অপরাধে একটি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার দয়ারামপুর এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দয়ারামপুর ঘোষ পাড়া এলাকার শ্যামল ঘোষের ছানা তৈরির কারখানায় তদারকি করার সময় দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনিরাপদ প্রক্রিয়ায় মিষ্টির ছানা উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালনা করায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরাফাত আলী এবং র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের টহল টিম উপস্থিত ছিল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে জেলাজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









