গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টা ১৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ছালেহউর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে সংরক্ষিত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪৪০ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানায়, জব্দকৃত জ্বালানি তেল আগামী ৩১ মার্চ থেকে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এছাড়া অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









