নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
নোটিশ অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০/০৩/২০২৬ তারিখের এক নোটিশে কলেজটির গভর্নিং বডির সভাপতি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে পূর্ববর্তী সভাপতি প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর পরিবর্তে নতুন সভাপতি প্রফেসর মো. ওমর আলীর নাম উল্লেখ করে দায়িত্ব হস্তান্তরের কথা বলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজটির প্রতিষ্ঠাতা প্রয়াত সংসদ সদস্য মোজাম্মেল হক। তার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু সম্প্রতি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নাটোর-৪, ধানের শীষের দাবীদার থাকলেও তিনি মনোনীত হননি।
এদিকে, জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এলাকায় তিনি ব্যাপক প্রচারণা চালান। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের নিয়ে সক্রিয় ভূমিকা রাখেন বলে দাবি করেছেন তার সমর্থকরা।
তবে হঠাৎ করেই তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গুরুদাসপুর ও বড়াইগ্রামের কয়েকজন নেতাকর্মী বলেন, “দল সরকার গঠনের পরপরই রাজনৈতিক কোন্দলের কারণে তাকে পদ থেকে সরানো হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।”
কিছু শিক্ষার্থীও এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, “যোগ্য একজন সভাপতিকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। তার বাবা প্রতিষ্ঠাতার জমির ওপরই কলেজটি গড়ে উঠেছে।”
এ বিষয়ে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেন, “দীর্ঘ ১৭ বছর বাবার গড়া এই প্রতিষ্ঠানে যেতে পারিনি। পরে আমাকে সভাপতি করা হয়। কলেজ উন্নয়নের জন্য আমার অনেক পরিকল্পনা রয়েছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে সরানো হয়েছে।”
তিনি এ বিষয়ে দলীয় হাইকমান্ড, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু সমাধান কামনা করেছেন।
এ ঘটনায় শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মতে, বারবার প্রশাসনিক পরিবর্তন কলেজের স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









