চুয়াডাঙ্গার জীবননগরে ৫৭৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় জড়িত থাকা দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আটক আসামিদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)।
অভিযান সূত্রে জানা গেছে, জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ভোর প্রায় ৬টায় জীবননগর হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট বসানো হয়।
একটি সন্দেহভাজন প্রাইভেটকার গতিরোধের সংকেত পেয়ে থামার পরিবর্তে পালানোর চেষ্টা করলে গাড়িটি তল্লাশি করা হয়। এতে ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “মাদক ও চোরাচালান অভিযানে এ বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়েছে। একই সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









