বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকার রেইনট্রি তলা নামক স্থানে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা ‘শ্রাবণী’ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হেমায়েত রাজা (৪৫) নিহত হন। তিনি ঢাকার মতিঝিল এলাকার গুলবাগের বাসিন্দা। আহত হয়েছেন অটোরিকশা ও মোটরসাইকেলের আরও কয়েকজন যাত্রী এবং বাসের কিছু যাত্রী। গুরুতর আহতদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা বলেন, বাসটি শনাক্ত করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহনের নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









