তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বুধবার (১ এপ্রিল) কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলায় ৬ষ্ঠ ব্যাচে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর আগে বাছাইয়ের লিখিত পরীক্ষায় ৫৯৩ জন অংশগ্রহণ করেন, যেখান থেকে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে ৭৫ জনকে নির্বাচিত করা হয়।
১ এপ্রিল থেকে শুরু হয়ে কোর্সটি চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
কোর্সে আধুনিক ও চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং।
প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণকালীন সময়ে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ তিন মাসে মোট প্রায় ১৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে সারাদেশে ৫টি ব্যাচে ১৪,৪০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের একটি বড় অংশ দেশি-বিদেশি অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে আয় করছেন, যা এই উদ্যোগের সফলতারই প্রতিফলন।
গোপালগঞ্জেও এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা ঘরে বসেই আয় করে স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় সারাদেশে মোট ৩৬,০০০ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









