সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে মধু আহরণ উৎসবের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (১ এপ্রিল) উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়। মধু আহরণ উৎসবের পাশাপাশি প্রতিমন্ত্রী সুন্দরবনের জলদস্যু নির্মূলে বিশেষ অভিযানেরও উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের মধু একটি ইউনিক জিনিস। মধুতে যেন ভেজাল না মেশানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সুন্দরবন অচিরেই দস্যুমুক্ত করা হবে। এছাড়া জলদস্যুদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।
সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনার আয়োজনে ওয়াইল্ড টিমসহ অন্যান্যদের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বনসংরক্ষক ইমরান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, র্যাবের সিও লে. কর্ণেল নিস্তার আহম্মেদ, বিভাগীয় বনকর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা বিএনপি সদস্য আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবীর, মৌয়াল রফিকুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









