বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২০ মণ ওজনের একটি খটক মাছ ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে।
মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে উঠলে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের মো. হোসেন শরীফ পাঁচ লাখ টাকায় জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় মঠবাড়িয়া মাছ বাজারে খটক মাছটি কেটে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে ও দেখতে মাছ বাজারে ভিড় করেন। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করে বিক্রির ঘোষণা দেওয়া হয়।
মাছটি ৫ লাখ টাকা দামে ক্রয় করা হয়েছে বলে জানা গেছে। মঠবাড়িয়ায় মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
পরে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি জানতে পেরে মাছটি জব্দ করে হারপিক দিয়ে মাটি চাপা দেয়। পরীক্ষার জন্য মাছের কিছু অংশ ল্যাবে পাঠানো হয়েছে। এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।
মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, খটক মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি জব্দ করা হয়। এ সময় মাছ ব্যবসায়ী পালিয়ে যায়।
বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হোসেন জানান, বিলুপ্তপ্রায় খটক মাছটি মঠবাড়িয়া উপজেলা প্রশাসন জব্দ করেছে। খবর পেয়ে মাছটি হারপিক দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে এবং পরীক্ষার জন্য কিছু অংশ ল্যাবে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









