ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জব্দ করা নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ (রিং জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ উপজেলার বাকলঙ্গণ নদীর টেকানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ২৩০টি রিং জাল ও ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন।
এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শরীফা আক্তার, নাসিরনগর থানা পুলিশ, উপজেলা মৎস্য ও ভূমি অফিসের স্টাফসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হচ্ছে। বর্তমানে নদীতে পানি কম থাকায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় একদল অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে। এতে জলজ প্রাণী ও উপকারী জলজ কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









