রংপুরের গংগাচড়া এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোটসহ মো. রুবেল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে র্যাব-১২, সিরাজগঞ্জ ও র্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে উপজেলার চেংমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা রুবেল মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
বুধবার (১ এপ্রিল) র্যাব-১২ এক প্রেস ব্রিফিংয়ে জানায়, অভিযানে রুবেল মিয়ার বাড়ি থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে প্রিন্টিং মেশিন, বিশেষ কাগজ, কালি ও অন্যান্য উপকরণ রয়েছে, যা দিয়ে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করা হতো। র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া এসব তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, এর আগে গত ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক অভিযানে একই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রংপুরে এ অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি করে তা আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তিনি একটি সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় সদস্য হিসেবেও কাজ করতেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









