বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার লোহালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে হান্নান হাওলাদার নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তাকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অবৈধ মজুদদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









