সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের তোষা পাট, তিল, উফশী আউশ জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমির আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. আরিফের সভাপতিত্বে ৬০০ জন কৃষকের মাঝে তোষা পাট, তিল ও উফশী আউশ জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
পাট, তিল ও উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত-ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামাতের দপ্তর সম্পাদক আব্দুল বারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
এ সময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, “উল্লাপাড়া উপজেলা যেমন সারা বাংলাদেশের মধ্যে সরিষা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, তেমনি পাট ও ধান চাষেও সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করবে বলে আশা করছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









