গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের সাতানীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটককৃতরা হলো— মো. ফারুক হোসেন (৩৫), মো. শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মো. সুজন বিশ্বাস (৩৩)। তারা সকলেই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাকু, একটি লোহার এসএস পাইপ এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী খোরশেদ ও রফিকুল ইসলাম জানান, ভোররাতে একটি পিকআপযোগে (ঢাকা মেট্রো-ন ২২-৬২১৭) ৫ থেকে ৬ জন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।
এ সময় সন্দেহভাজন ডাকাত দলের সদস্যরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর চেষ্টা করে। ধাওয়া খেয়ে ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে, পূবাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজন, দেশীয় সরঞ্জামাদি ও পিকআপ ভ্যান হেফাজতে নেয়।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









