শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চৈত্রের খরতাপে পুড়ছে রাজশাহী

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

চৈত্রের খরতাপে পুড়ছে রাজশাহী

চৈত্রের খরতাপে যেন জ্বলছে রাজশাহী। তীব্র রোদ, দমবন্ধ করা গরম আর খরাপ্রবণ আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরীর জনজীবন। সকাল গড়াতেই সূর্যের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে, আর দুপুরের দিকে তা যেন আগুনের মতো ঝলসে দিচ্ছে চারপাশ।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে শুক্রবার (৩ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতা ছিল ২৫ শতাংশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম আরও বেশি তীব্র অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আপাতত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন।

তাপমাত্রা বেশি থাকায় এবং তীব্র রৌদে রাস্তাঘাটে কমেছে মানুষের চলাচল। প্রচণ্ড গরমের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। দুপুরের দিকে নগরীর ব্যস্ত সড়কগুলোতেও দেখা যাচ্ছে তুলনামূলক কম মানুষের উপস্থিতি। যারা বের হচ্ছেন, তারা ছাতা, টুপি বা গামছা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন।

নগরীর সাহেববাজার এলাকার রিকশাচালক আব্দুল জলিল বলেন, “এই গরমে রিকশা চালানো খুব কষ্ট। দুপুরে যাত্রীও কম থাকে, আয়ও কমে গেছে।”

গরম বেশি থাকায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমজীবীদের। পাশাপাশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যানচালকদের জন্য এই গরম যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

নগরীর নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম বলেন, “রোদে দাঁড়ানো যায় না, কিন্তু কাজ না করলে তো পেট চলবে না। তাই কষ্ট করে কাজ করতে হচ্ছে।”

এদিকে তীব্র গরমে পানির চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। অনেক এলাকায় পানি সংকটের অভিযোগও উঠেছে। একই সঙ্গে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় লোডশেডিংয়ের আশঙ্কাও বাড়ছে। 

নগরীর উপশহর এলাকার বাসিন্দা শারমিন আক্তার বলেন, “দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। গরমে ঘরে থাকা যায় না, খুব কষ্ট হচ্ছে।”

চিকিৎসকরা বলছেন, এই তীব্র গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথা ঘোরা ও বিভিন্ন অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এ সময়ে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া এড়িয়ে চলতে হবে। হালকা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এমন পরিস্থিতিতে এক পশলা বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তনের জন্য অপেক্ষায় রাজশাহীবাসী। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, তাৎক্ষণিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক তারেক আজিজ জানান, রাজশাহী বইছে মৃদু তাপপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে মাঝেমধ্যে বৃষ্টি হলে তখন কিছুটা কমবে।

সবুজ/রাজশাহী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.