কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সফল বৈঠক শেষে বেলা ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্রমিক নেতারা। এর ফলে প্রায় ৩৬ ঘণ্টা পর কুষ্টিয়ার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিনের সভাপতিত্বে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস প্রদান করা হলে শ্রমিক নেতারা কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে, তাই সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে, কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, “শ্রমিকদের দাবিগুলোর ব্যাপারে আমরা ইতিবাচক অবস্থানে আছি। ফলপ্রসূ আলোচনার পর দুপুর থেকেই সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।”
উল্লেখ্য, গত ১৫ এপ্রিলের মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন পরিবহন শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তারা ধর্মঘটের ডাক দেন এবং শুক্রবার ভোর ৫টা থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ সব রুটসহ খুলনা, রাজশাহী, বরিশাল ও উত্তরবঙ্গের পথে বাস চলাচল বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। শ্রমিকদের দাবি ছিল-মালিকদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা শ্রমিকদেরও দেওয়া এবং শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলের বৈধ অনুমোদন নিশ্চিত করা।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপরই কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালসহ অন্যান্য স্ট্যান্ডে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দুপুরের পর থেকে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ বিভিন্ন গন্তব্যের বাসগুলো ছেড়ে যেতে শুরু করেছে। দীর্ঘ সময় পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









