বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পদ্মা সেতু দক্ষিণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে, আহত ৬

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

পদ্মা সেতু দক্ষিণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে, আহত ৬

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে শিবচর উপজেলার তস্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৮৫ নম্বরের একটি বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গতিতে চলছিল। একই সঙ্গে সকাল থেকে হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে এসে ডিভাইডারের ওপর উঠে যায়। তখন যাত্রীদের চিৎকারে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।”

আরেক প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা জানান, “দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। কয়েকজন যাত্রী মাথা ও হাতে আঘাত পেয়েছেন।”

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। এতে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তারা।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম (পিপিএম) জানান, সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকা এবং অতিরিক্ত গতির ফলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.