শিশুদের প্রাণঘাতী রোগ হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে যশোরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
রোববার (০৫ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।
সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সকল অভিভাবককে সচেতন হয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। তিনি বলেন, “জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা আমাদের লক্ষ্য। স্বাস্থ্য বিভাগের সকল টিম নিরলসভাবে কাজ করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক। তিনি বলেন, “শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ধরনের জনস্বাস্থ্য কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।”
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশ সুপার রাজীব হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এবং নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলুসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
পরে বেলা ১১টায় যশোর পৌরসভায় দ্বিতীয় টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন ডা. মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক (সাবু), প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব আনিছুর রহমান মুকুল, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক কে. এইচ. শানুুল হক সেতু, পৌরসভার সিইও সৈয়দ মুরাদ আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুল ইসলাম এবং ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদারসহ সংশ্লিষ্টরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে। যশোর সদর উপজেলায় প্রায় ৯১ হাজার এবং পৌরসভায় প্রায় ৪০ হাজার শিশু এ কর্মসূচির আওতায় আসবে।
হাম প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নোয়াপাড়া ইউনিয়নের ছয়টি কেন্দ্র ও পৌরসভার একটি কেন্দ্রে প্রথম দিনে টিকা প্রদান করা হয়।
টিকা কেন্দ্রগুলোতে শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









