বরিশালে হাম সংক্রমণ ক্রমেই বাড়ছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে এবং বরিশাল বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত হয়েছে ১২ জনের।
মৃত দুই শিশুর মধ্যে একজন ৫ মাস বয়সী ইমাম, যিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের ছেলে। অপরজন ৯ মাস বয়সী আবু সালেহ, বরগুনা জেলার আমতলী উপজেলার আবু বক্করের ছেলে। হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, ইমাম ৬ এপ্রিল এবং আবু সালেহ ৭ এপ্রিল হাম-উপসর্গ নিয়ে ভর্তি হন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৯১ জন হাম-উপসর্গ নিয়ে শিশুর চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন শিশু ভর্তি হয়েছেন এবং একই সময়ে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ৩১০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭৬ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ১,০৮০ জন শিশু হাম-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন হয়েছেন, যার মধ্যে ৮২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫২ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, শিশুদের হাম সংক্রমণ থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় টিকাদান কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যথাযথ সতর্কতা অবলম্বন না করলে আক্রান্ত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









