মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝড়ের তাণ্ডবে টিনশেড ঘর ধসে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

ঝড়ের তাণ্ডবে টিনশেড ঘর ধসে প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতের ঝড় যেন এক নিমিষেই কেড়ে নিল এক অসহায় বৃদ্ধের জীবন। ঘুমের মধ্যেই ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়া টিনশেড ঘরের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় সিরাজ উদ্দিন (৭২)-এর। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। 

জীবিকার তাগিদে তিনি শ্রীপুরে ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ছাতির বাজার এলাকায় তাজউদ্দিন নামের এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে সেখানে একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করছিলেন সিরাজ উদ্দিন। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়াদাওয়া শেষে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু সেই ঘুমই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ ঘুম। গভীর রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে ঘরের ওপর গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে। এতে টিনের চাল ধসে পড়ে এবং তিনি চাপা পড়েন।

নিহতের ছেলে শাহীন আলম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর বাবার মরদেহ উদ্ধার হতে দেখেন। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

জমির মালিকের ছেলে সজীব আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সিরাজ উদ্দিন তাঁদের জমিতে ভাড়া থেকে কাজ করছিলেন। ঝড়ের সময় গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী রুবেল বলেন, সকালে ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে গিয়ে টিনের চাল সরিয়ে মরদেহ উদ্ধার করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন  উজ্জ্বল  জানান, ঘটনাটি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতের পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করা হবে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.