স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭। এর মধ্যে শ্রীবরদী উপজেলায় ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন ও ঝিনাইগাতী উপজেলায় ১ লক্ষ ৬০ হাজার ৭৭৩ জন ভোটার রয়েছে। এ দুই উপজেলার ১৭ ইউনিয়ন ও এক পৌরসভার ১২৮ কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করবেন।
তিনি আরো বলেন, প্রতি কেন্দ্রে ৬ জন করে পুলিশ ও ১৩ জন করে আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নির্বাচনে মোট ১১৫০ জন পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি, ১৪টি র্যাব টিমের ১৩৫ জন, ১৭০৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও ১৪ জন ম্যাজিষ্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনের স্থানীয় ১৮ জন সরকারি কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন। এদিকে আজ সকাল থেকে প্রচারণা বন্ধ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









