ঝিনাইদহে খালের ওপর নির্মিত ৪৫ বছরের পুরনো একটি ব্রিজ ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহনের চলাচল। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন দুই ইউনিয়নের স্কুলগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে কৃষি পণ্য পরিবহনসহ মাঝারি ও পণ্যবাহী যানবাহনের চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের একমাত্র ব্যবহারযোগ্য ও সংযোগস্থাপনকারী সড়ক হলো ‘বিষয়খালী জিসি–নগরবাথান জিসি ভায়া ডেফলবাড়ী’। আনুমানিক ৪৫ বছর আগে সড়কের ভবানীপুর–ডেফলবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ‘গঙ্গা–কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প’ খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ।
স্থানীয়রা জানান, গত বছরের প্রবল বৃষ্টিপাতের সময় পানির তোড়ে সেতুটি ভেঙে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সেতুটি গত ৯ মাসেও নির্মাণ করা হয়নি। ফলে বেড়েছে স্থানীয় চলাচলকারী, পণ্য পরিবহনকারী ও যানবাহন চালকদের ভোগান্তি।
সরেজমিনে দেখা গেছে, ভেঙে যাওয়া ব্রিজের পাটাতন খালের মাঝখানে পড়ে আছে। ভাঙা ব্রিজের জায়গায় স্থানীয় উদ্যোগে বাঁশের সাঁকো বসানো হয়েছে। তবে এই সাঁকোও নড়বড়ে হয়ে পড়েছে। ফলে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলের চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় হাসমত বিশ্বাস বলেন, ‘৯ মাস আগে ব্রিজ ভেঙে গেছে। আমরা বারবার বিভিন্ন অফিসে জানিয়েছি। তারপরও কোনো সমাধান পাইনি। ব্রিজ ভেঙে যাওয়ায় এই সড়কে সব ধরণের যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেলও যেতে পারছে না।’
রাহাত হোসাইন নামে এক স্কুল শিক্ষার্থী বলেন, ‘আমরা নিয়মিত এই ব্রিজ পার হয়ে স্কুলে যেতাম। ব্রিজ ভেঙে যাওয়ার পর সাঁকো বানানো হয়েছে। এখন সাঁকোটিও ভেঙে যাওয়ার উপক্রম। নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে বাইসাইকেল নিয়ে পার হওয়ার সময় খুব ভয় লাগে। সাঁকো ভেঙে গেলে আমাদের স্কুলে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে।’
ট্রাক চালক আলফাজ আলী বলেন, ‘ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করার পরে আমরা এই ব্রিজ ব্যবহার করে মহারাজপুর ইউনিয়নের বাজারগুলোতে যেতে পারতাম। ব্রিজ ভেঙে যাওয়ার পর এই সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। আমাদের জন্য চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।’
সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, “সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের সংযোগস্থাপনকারী ‘বিষয়খালী জিসি সড়ক টু নগরবাথান জিসি সড়ক ভায়া ডেফলবাড়ি’ সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। এই সড়কের ওপর দুটি ব্রিজ ছিল। বিজ্র দুটি অনেক বছরের পুরনো। এর মধ্যে একটি ব্রিজ পুনঃনির্মাণ করা হয়েছে। যে ব্রিজটি ভেঙ্গে পড়েছে, সেটি পুনঃনির্মাণের জন্য আমরা এরই মধ্যে দুটি পৃথক প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি, অতি দ্রততম সময়ের মধ্যেই প্রকল্প অনুমোদন হয়ে যাবে। প্রকল্প অনুমোদন হয়ে গেলেই আমরা ব্রিজের নির্মাণকাজ শুরু করতে পারব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









