বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজীন চৌধুরী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজীন চৌধুরী

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজীন চৌধুরী (লিলি)। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আলোচিত হচ্ছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, রাজপথের সক্রিয় উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের অভিজ্ঞতা সব মিলিয়ে সংরক্ষিত আসনের জন্য লিলি একজন শক্তিশালী দাবিদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল থেকে রাজনীতির হাতেখড়ি হয় তানজীন চৌধুরী লিলির। তিনি হল শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব।

রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাথলেটিকস, হ্যান্ডবল ও ফুটবলে একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন তিনি। ২০০৫ সালে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছ থেকে ‘শ্রেষ্ঠ ক্রীড়াবিদ’ সম্মাননা লাভ করেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’-এ অংশ নেন। এছাড়া থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তৃণমূল পর্যায়ে নারী সংগঠনে লিলির ভূমিকা উল্লেখযোগ্য। উঠান বৈঠক, সভা-সমাবেশ এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে তিনি নারী ভোটারদের মধ্যে দলের প্রতি আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান (শহীদ) বলেন, লিলি তৃণমূলের নারীদের সংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। দল তাকে মূল্যায়ন করলে ময়মনসিংহ অঞ্চলে নারী নেতৃত্ব আরও শক্তিশালী হবে।

নিজের প্রত্যাশার বিষয়ে তানজীন চৌধুরী লিলি বলেন, সংরক্ষিত নারী আসন নারীদের অধিকার ও দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে নারী শিক্ষা, তরুণদের কর্মসংস্থান এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.