ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, রাজাপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, “ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে।”
বক্তারা আরও বলেন, “ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে ইলিশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









