বরিশালের গৌরনদী উপজেলার পরিত্যক্ত জমিকে উৎপাদনের আওতায় এনে হাইব্রিড জাতের হলুদ চাষে চমক দেখিয়েছেন তরুণ কৃষক মেহেদী হাসান শ্যামল খলিফা। অল্প পুঁজি, সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতির সমন্বয়ে তার এই উদ্যোগ এখন স্থানীয় কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে।
গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বাসিন্দা শ্যামল খলিফা দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা প্রায় ৩০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে হাইব্রিড হলুদ চাষ শুরু করেন। নরসিংদী থেকে উন্নতমানের বীজ সংগ্রহ করে তিনি নিজ উদ্যোগে জমি প্রস্তুত, রোপণ ও পরিচর্যার কাজ সম্পন্ন করেন। ফলন এসেছে প্রত্যাশার চেয়েও বেশি, প্রায় ১০০ মণ হলুদ।
খরচের দিক থেকেও এটি একটি লাভজনক উদ্যোগ হিসেবে প্রমাণিত হয়েছে। শ্যামল জানান, জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত তার মোট ব্যয় হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা হলুদ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই হিসাবে সব খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মতো লাভের সম্ভাবনা দেখছেন তিনি।
শ্যামল খলিফা বলেন, অনেক জমি বছরের পর বছর পরিত্যক্ত পড়ে থাকে। আমি ভেবেছি, অল্প খরচে এমন কিছু করতে হবে যাতে জমিও কাজে লাগে, লাভও হয়। হলুদ চাষ করে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। কৃষি অফিসের সহায়তা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষ করতে চাই।
তার এই সাফল্য ইতোমধ্যেই আশপাশের কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। স্থানীয় কৃষকরা বলছেন, আগে যে জমিগুলো অনাবাদি পড়ে থাকত, এখন সেগুলোকে সম্ভাবনাময় সম্পদ হিসেবে দেখা শুরু হয়েছে। শ্যামলের দেখানো পথে হাঁটতে অনেকেই এখন হলুদ চাষের পরিকল্পনা করছেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, মাঠপর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এর ফলে নতুন ও লাভজনক ফসল চাষে আগ্রহ বাড়ছে। শ্যামল খলিফার মতো উদ্যোক্তাদের আমরা সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি যারা নতুন করে হলুদ চাষে আসতে চান, তাদেরও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, গৌরনদীতে হাইব্রিড হলুদ চাষের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি একটি সম্ভাবনাময় কৃষি মডেল। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহার করে অনাবাদি জমিকে উৎপাদনের আওতায় আনা গেলে দেশের কৃষিখাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









