কুমিল্লায় র্যাবের অভিযানে ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সাত হাজার ৯০০ ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (০৮ এপ্রিল) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার বিষ্ণুপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের আভিযানিক দল। অভিযানে মো. সিয়াম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, সাত হাজার ৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কচ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সিয়াম কুমিল্লা কোতোয়ালী থানার রাঙ্গুরী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, বিয়ার, বিদেশি মদ ও স্কচ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
আরও জানা যায়, সিয়াম ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। একই সঙ্গে তিনি এই পরিচয় ব্যবহার করে মাদক কেনাবেচাও চালিয়ে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









