বিনোদন জগতের তারকাদের মানবিক উদ্যোগ নতুন কিছু নয়। তবে এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় এসেছেন দক্ষিণের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা। তারা যৌথভাবে ১৮০ জন শিক্ষার্থীর স্কলারশিপের দায়িত্ব নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেই এমন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন এই দুই তারকা। এবার সেটিই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বিজয়ের পৈত্রিক গ্রাম থুম্মানপেটের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসছেন।
গেল রোববার তেলেঙ্গানার আচমপেট মণ্ডলের থুম্মানপেট গ্রামে যান বিজয় ও রাশমিকা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। বিজয় জানান, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাঁর দীর্ঘদিনের ইচ্ছা। কর্মজীবনে পাওয়া মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবেই এই উদ্যোগ।
পরবর্তীতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বৃত্তিপ্রাপ্ত ১৮০ শিক্ষার্থীর তালিকাও প্রকাশ করেন তিনি। এক পোস্টে বিজয় লেখেন, থুম্মানপেট তাঁর বাবার জন্মস্থান এবং এখান থেকেই তাদের ছোট্ট স্বপ্নের যাত্রা শুরু। পরিশ্রমী শিক্ষার্থীদের সম্মান জানাতেই এই উদ্যোগ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, এই বৃত্তি হয়তো ছোট একটি উপহার, তবে তাঁর কাছে এর গুরুত্ব অনেক বেশি। তিনি চান, ধীরে ধীরে এই উদ্যোগ পুরো তেলেঙ্গানাজুড়ে বিস্তৃত হোক।
অন্যদিকে রাশমিকা মান্দানা জানান, ‘দ্য দেবরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই কাজের সূচনা করা হয়েছে। আচমপেট ও থুম্মানপেট থেকেই উদ্যোগটি শুরু করার পেছনে ব্যক্তিগত কারণও রয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। বছরের শুরুতে নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানেই প্রথম এই পরিকল্পনার কথা জানান বিজয়-রাশমিকা, যা তখন থেকেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









