পাবনার ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আলামিন (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আলামিন নাটোরের লালপুর উপজেলার সাদিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, তিনি ঈশ্বরদীর স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার ঘনিষ্ঠ আত্মীয়।
ভুক্তভোগী শিশু সিনথিয়া জানায়, দুপুরে বিদ্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে অভিযুক্ত আলামিন তাকে পথরোধ করে এবং প্রলোভন দেখিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি কৌশলে দৌড়ে বিদ্যালয়ে পৌঁছে তার শিক্ষিকাকে বিষয়টি জানায়।
সিনথিয়ার বর্ণনা শুনে তার শিক্ষিকা ও চাচাতো ভাই অভিযুক্তকে ধাওয়া করেন। এলাকাবাসীর সহায়তায় বাঘহাছলা থেকে অরণকোলা হয়ে ঢুলটি এলাকায় পৌঁছালে অভিযুক্ত আলামিনকে পাকড়াও করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে ঢুলটি তেল পাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান জানান, আলামিন নামের এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি অপহরণের চেষ্টা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির অভিভাবকদের থানায় ডাকা হয়েছে; তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









