মাদারীপুরের শিবচর উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং আরও ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মো. এলিয়াম হোসেনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম (সামারি ট্রায়াল) পরিচালনার মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানে অননুমোদিত রাসায়নিক ব্যবহার, বিএসটিআই অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও কয়েকটি কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর অবস্থায় দেখা যায়।
এসব অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরও ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা রুজুর নির্দেশনা প্রদান করেন আদালত।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো-গোবিন্দ ঘোষ মিষ্টি ভান্ডার,অধিকার মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার,ইসলাম সুইটস,৭১ চাইনিজ এন্ড রেস্টুরেন্ট, ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, মাদারীপুর; ফজলুল হক, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, শিবচর; সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের স্টাফগণ; র্যাব সদস্যবৃন্দ এবং শিবচর থানা তদন্ত (ওসি) মনজুরুল মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









