শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদী তীর রক্ষা প্রকল্পের ব্লক তৈরির সাইটে প্রভাব বিস্তার করে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুরে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের পৈল্যান মোল্লার কান্দি এলাকায় নদীভাঙন রোধে চলমান ব্লক নির্মাণ সাইটে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ফরাজীর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল প্রবেশ করে। তারা প্রথমে এফআইডিএল-ভিনসেন জেবির অধীনে পরিচালিত বেঙ্গল কনস্ট্রাকশনের সাইটে গিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রীর অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাশের খুলনা শিপইয়ার্ড সংশ্লিষ্ট ব্লক তৈরির সাইটেও গিয়ে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং হুমকি দেয়—স্থানীয় বিএনপি নেতাদের বাইরে অন্য কেউ এখানে কাজ করতে পারবে না। ঘটনাটির একটি ভিডিও ফুটেজও পাওয়া গেছে, যেখানে এমন বক্তব্য স্পষ্ট শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় সাইটে থাকা প্রকৌশলী মেহেদী হাসান রাতুল ঘটনাটি মোবাইলে ধারণ করলে তাকে মারধর করা হয় এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয়। পরে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে গিয়ে উল্টো অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
সাইটে কাজ করা আরেক প্রকৌশলী শাকিল হাসান সোহাগ জানান, “হঠাৎ করে স্থানীয় কয়েকজন এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।”
তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম ফরাজী দাবি করেন, নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করা হচ্ছিল বলেই তারা কাজ বন্ধ করেছেন। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “সামান্য বাকবিতণ্ডা হয়েছে, এর বেশি কিছু না।”
জানা গেছে, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত সংলগ্ন ভাঙন রোধে প্রায় ৩৮৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকা এই প্রকল্পে বর্তমানে ৩১টি প্যাকেজের আওতায় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, “প্রকৌশলীকে মারধরের বিষয়টি আমাদের জানা নেই। তবে কোথাও নিম্নমানের কাজ হলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কাজ বন্ধ বা হুমকির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









