বরিশাল মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ত্যাগী ও রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নগরী। দাবির পক্ষে অবস্থান জানাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ব্যস্ততম সদর রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের সড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ও নির্যাতন-নিপীড়নের শিকার ত্যাগী কর্মীদের বাদ দেওয়া হচ্ছে। তাদের পরিবর্তে বিবাহিত ও অছাত্রদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও ছাত্ররাজনীতির আদর্শের পরিপন্থী।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল একটি আন্দোলনমুখী সংগঠন। এখানে ত্যাগ ও সংগ্রামের ইতিহাসই নেতৃত্বের প্রধান মানদণ্ড হওয়া উচিত। কিন্তু যদি সুবিধাবাদী ও অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না।
এর আগে নেতাকর্মীরা নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের টাউন হল এলাকায় এসে সড়ক অবরোধে রূপ নেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা নানা স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে অবশেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
এ ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে কমিটি গঠন না হলে সংগঠনের ভেতরে বিভক্তি আরও বাড়তে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









